১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৫০ অপরাহ্ন


প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি
আদালত প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-১৫ ১৭:০৯:০৫
প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববি I ছবি: সংগৃহীত


ইটুই সলিউশনস লিমিটেডের কাছ থেকে ব্যাটারি কিনে মূল্য পরিশোধ না করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আজ বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১২ জুলাই গুলশান থানায় ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স বাদী হয়ে চিত্রনায়িকা ববিসহ চারজনের বিরুদ্ধে এই প্রতারণার মামলাটি দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে মামলার আসামি মির্জা আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ জানান। সেই অনুরোধের প্রেক্ষিতে গত বছরের ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ারের পাঁচটি ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স, যার মোট বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারিগুলো সরবরাহের পর তার নির্ধারিত মূল্য পরিশোধ করার কথা থাকলেও আসামিরা যথাসময়ে টাকা পরিশোধ না করে দীর্ঘ সময় ধরে বিভিন্ন তালবাহানা করতে থাকেন।

পরবর্তীতে, গত ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে বাদী মেহেদি আলম প্রিন্স আসামিদের অফিসে গিয়ে তাঁদের কাছে পাওনা টাকা দাবি করেন। এ সময় আসামিরা পাওনা টাকা পরিশোধ করবেন না বলে সাফ জানিয়ে দেন এবং তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেন। আসামিরা পূর্বপরিকল্পিত ও পারস্পরিক যোগসাজশে ব্যাটারির সমপরিমাণ ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন মর্মে এজাহারে অভিযোগ করা হয়। আজ এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে স্থায়ীভাবে জামিন পেলেন চিত্রনায়িকা ববি।