দেশের প্রশাসনিক বিন্যাসে নতুন তিনটি উপজেলা গঠন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন গঠিত উপজেলাগুলো হলো—চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’। গতকাল বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই নতুন উপজেলাগুলো গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন যথা—১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। নতুন এই উপজেলার বিভিন্ন সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপও অনুমোদন করেছে সরকার।
ময়মনসিংহ জেলার গফরগাঁও সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউনিয়নগুলো হলো—১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও hide ৮. টাংগাব। অন্যদিকে, কুমিল্লার ‘বাঙ্গরা’ উপজেলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন যথাক্রমে—১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব), ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর) এবং ১০. টনকী-এর সমন্বয়ে নতুন বাঙ্গরা উপজেলা গঠন করা হয়েছে। দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা—এই দুটি নতুন উপজেলার জন্যও বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।