১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৯:৩৫ অপরাহ্ন


অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কি বাতিল হচ্ছে? গুজবের বিষয়ে আসল সত্য স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-০৯ ১৫:০০:৫৮
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কি বাতিল হচ্ছে? গুজবের বিষয়ে আসল সত্য স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত


স্নাতক বা অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস এবং দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্যটি ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং এতে বিন্দুমাত্র সত্যতা নেই। তিনি এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তবে উচ্চশিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগিতা বাড়াতে কারিকুলামে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বাজারে যেসব বিষয়ের উচ্চ চাহিদা রয়েছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে (পাঠ্যসূচি) সেসব বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের একটি পর্যালোচনা বা মূল্যায়ন চলছে।