১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪০:০১ অপরাহ্ন


ইসরাইলের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা চায় ৩০ মার্কিন আইনপ্রণেতা
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৮:০১:১৭
ইসরাইলের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা চায় ৩০ মার্কিন আইনপ্রণেতা


 ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। এ বিষয়ে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।

টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে পাঠানো ওই চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ (নন-প্রলিফারেশন) নীতি প্রণয়ন করতে হলে ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের সরকারি নীরবতা ভাঙা প্রয়োজন।

চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বা সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নীতিনির্ধারণ করতে গেলে, চলমান আঞ্চলিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ পক্ষের সক্ষমতা সম্পর্কে অস্বচ্ছতা রাখা যৌক্তিক নয়।

তারা আরও বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্যান্য দেশকে পারমাণবিক স্বচ্ছতার মানদণ্ডে মূল্যায়ন করে, ইসরাইলের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত।

বর্তমানে ইসরাইল তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে কি না—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার বা অস্বীকার করে না। একইভাবে, হোয়াইট হাউসও এ বিষয়ে দীর্ঘদিন ধরে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে।

আইনপ্রণেতারা দাবি করেন, কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি এবং প্রশাসনের নীতিমালা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানা জরুরি। তবে তাদের অভিযোগ, এ ধরনের তথ্য এখনো কংগ্রেসকে জানানো হয়নি।

চিঠিতে তারা ইসরাইলের সম্ভাব্য পারমাণবিক ওয়ারহেড সংখ্যা, উৎক্ষেপণ ব্যবস্থা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা এবং ডিমোনা স্থাপনার কার্যক্রমসহ সামরিক নীতিমালার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

আইনপ্রণেতারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তাই ইসরাইলের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা থাকা উচিত বলে তারা মনে করেন।


তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরাইল