১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:১১ অপরাহ্ন


ছাত্রদলের সাবেক নেতার মুক্তির দাবিতে ভোলায় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৬:১৪:১৩
ছাত্রদলের সাবেক নেতার মুক্তির দাবিতে ভোলায় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা অবস্থায় জাকিরের সমর্থকরা। ছবি: সংগৃহীত


ভোলা, বুধবার (৬ মে): ছাত্রদলের সাবেক এক নেতার মুক্তির দাবিতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। এ সময় টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা দুপুরে সড়কের ওপর অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার সূত্রপাত হয় গত সোমবার (৪ মে) মধ্যরাতে। ওই রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা মো. জাকির হোসেনকে আটক করে। কোস্টগার্ডের দাবি অনুযায়ী, তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, আটক জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে গ্রেপ্তারের সময় এবং পরবর্তীতে জাকিরের অনুসারীরা থানা এলাকায় বিক্ষোভ ও অবরোধের চেষ্টা চালায় বলে জানা গেছে। বুধবার দ্বিতীয় দিনের মতো বাংলাবাজার এলাকায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

অন্যদিকে বিক্ষোভকারীরা দাবি করেন, জাকির হোসেনকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং তিনি নির্দোষ। তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, “অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে ভোলা সদর ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।