সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মোছা. নিলুফা বেগম (৫৭) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়ে মক্কায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় চলতি বছর হজে গিয়ে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। এর মধ্যে মক্কায় আটজন এবং মদিনায় দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন।
পবিত্র এই ধর্মীয় সফরের মাঝেই মৃত্যুর এমন ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও হজ মৌসুমে বয়সজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণে প্রতিবছরই কিছু হাজির মৃত্যু ঘটে থাকে।