১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৩৫ অপরাহ্ন


ছয়বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৮:৪৭:৫৭
ছয়বারের সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন ছবি: সংগৃহীত


ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রবীণ রাজনীতিবিদ ও ছয়বারের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোসলেম উদ্দিন কেবল সাবেক সংসদ সদস্যই ছিলেন না, তিনি প্রাক্তন এমএনএ, গণপরিষদ সদস্য এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফুলবাড়িয়া এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

মরহুমের পরিবার জানিয়েছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (৩ মে) তিন দফায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং সবশেষে বিকেল ৫টায় তার নিজের প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।