১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:১৪ অপরাহ্ন


সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৬:৪০:৩১
সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


একদিনের সরকারি সফরে পুণ্যভূমি সিলেটে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি।

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তিনি উপস্থিত ক্ষুদে অ্যাথলেটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

এর আগে, আজ সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান তিনি। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি এখনো চলমান। ক্রীড়া উৎসবের উদ্বোধন শেষে দলীয় একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে আজ রাতেই প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।