দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, বর্তমানে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন নেই এবং লোডশেডিংয়ের মাত্রাও আশাতীতভাবে কমে এসেছে।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে এবং পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি আগামী রোববার বৈঠকে বসবে এবং সেখানে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, গত ২৮ ও ২৯ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি। প্রাপ্ত তথ্যমতে, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং ২৯ এপ্রিল চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট। উভয় দিনই চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা বেড়েছে। টানা দুই দিন লোডশেডিং মুক্ত থাকা দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছে মন্ত্রণালয়। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সরবরাহ চেইন এবং উৎপাদন ব্যবস্থা নিয়মিত তদারকি করছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।