১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩১:০৮ অপরাহ্ন


নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৭:৪০:২৭
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড


নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীর পরিবারও রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, নিম্ন আদালতের এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে তিনি আশা করছেন।

ট্রাইব্যুনালের পিপি মো. সেলিম শাহী জানান, ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাতে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার গলা ও হাত-পায়ের রগ কাটা ছিল।

এ ঘটনায় অদিতার মা রাজিয়া সুলতানা সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পরবর্তীতে রনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও বালিশসহ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ।

উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পর নোয়াখালীজুড়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর এ রায় জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।