১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৫:১৭ অপরাহ্ন


বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৫:৫৯:২৩
বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী ছবি: সংগৃহীত


বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি এক চ্যালেঞ্জিং সময় পার করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি জানান, পূর্ববর্তী সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বিশাল বকেয়া রেখে গেছে।

অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সব ক্ষেত্রে কর ছাড় বা বিশেষ সুবিধা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার ব্যবসা সহজীকরণে বদ্ধপরিকর এবং বিদ্যমান সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করতে কাজ করে যাচ্ছে।

বৈশ্বিক সংকটের প্রভাব তুলে ধরে তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা জাতীয় বাজেটের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

সরকারের অর্থনৈতিক দর্শনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ এখন মুক্তবাজার অর্থনীতির ধারায় পরিচালিত হবে। বেসরকারি খাতের প্রকৃত বিকাশের মাধ্যমেই অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এ ক্ষেত্রে পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকেও প্রয়োজনীয় সরকারি সহায়তা ও নীতিগত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত ব্যক্তিনির্ভর অর্থনীতির পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।