১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১১:৫০ অপরাহ্ন


দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৭:০৫:১৩
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দফতর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কার কথা জানানোর পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় থাকলেও সেবা ও সুরক্ষার মান আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। বিমানবন্দরগুলোকে নিশ্ছিদ্র বলয়ে ঢাকতে সরকারের পক্ষ থেকে ১০টি বিশেষ পদক্ষেপের কথা সংসদকে জানান মন্ত্রী।

নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথসহ সংবেদনশীল স্থানগুলোতে পুলিশের একাধিক স্তরের তল্লাশি ও টহল জোরদার করা। এছাড়া চুরি ও ছিনতাই রোধে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কোনো অপতৎপরতা রুখতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরও সক্রিয় করা হয়েছে।

যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী জানান, বিমানবন্দরে নিষিদ্ধ বস্তুর প্রবেশ ঠেকাতে উন্নত স্ক্যানিং মেশিন স্থাপন, প্রযুক্তিনির্ভর লাগেজ সিস্টেম এবং ইমিগ্রেশন কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের জন্য বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসবাদ ও সাইবার হামলা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে কঠোর মনিটরিং এবং সার্বক্ষণিক সহায়তা ডেস্ক চালু করা হয়েছে।

মূলত বৈশ্বিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে পুরোপুরি সুরক্ষিত রাখতেই এই আধুনিক ও সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।