১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:২৯:১৮ পূর্বাহ্ন


যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৭ ১৬:১৪:৫০
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


যশোরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ২টার দিকে তিনি ৬৭৬ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে যশোরসহ ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার প্রায় ৮০ লাখ মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এই মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হলেও পরবর্তী দীর্ঘ সময়ে হাসপাতাল নির্মাণকাজ স্থবির হয়ে ছিল। নিজস্ব হাসপাতাল না থাকায় ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া এই কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ক্লিনিক্যাল ক্লাস পরিচালনা করতে চরম বিড়ম্বনায় পড়তে হতো। এখন ১০ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন, নার্সিং কলেজ, ইন্টার্ন ডরমেটরি এবং চিকিৎসক-কর্মচারীদের আবাসনসহ পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মিত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, ২০২৮ সালের জুনের মধ্যে এই বিশাল নির্মাণযজ্ঞ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষ যেমন উন্নত সেবা পাবেন, তেমনি ইন্টার্ন চিকিৎসকরাও নিজস্ব ক্যাম্পাসে হাতে-কলমে শিক্ষার সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।