১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:২৪:৩২ অপরাহ্ন


যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৭ ১৩:৩৯:১২
যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে ছবি: সংগৃহীত


কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চিহ্নিত ছিনতাইচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামেই মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

র‍্যাবের তদন্তে উঠে এসেছে যে, ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা বুলেট বৈরাগী গত শুক্রবার রাতে বাস থেকে কুমিল্লার টমছমব্রিজ এলাকায় নামার পরপরই ছিনতাইকারীদের কবলে পড়েন। ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয় এবং চলন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে তাকে চলন্ত গাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে ফেলে দেওয়া হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং গত ১১ এপ্রিল সেখানে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার রাত ১১টায় চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে চড়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি বাড়িতে জানান যে, তিনি টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিহত এই কর্মকর্তা কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।