১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:৩২ অপরাহ্ন


হঠাৎ বাতিঘরে জাইমা রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৯:০৩:৫৫
হঠাৎ বাতিঘরে জাইমা রহমান ছবি: সংগৃহীত


রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় চেইন বুকশপ 'বাতিঘর'-এ সাধারণ পাঠকের বেশে আকস্মিক উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় ধরে বইয়ের তাকগুলো ঘুরে দেখেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ সংবাদমাধ্যমকে জানান, জাইমা রহমান কোনো প্রটোকল বা বিশেষ আয়োজন ছাড়াই একজন সাধারণ বইপ্রেমীর মতো দোকানে আসেন। এ সময় তিনি বেশ গভীর মনোযোগ দিয়ে বই বাছাই করেন। তার সংগৃহীত বইয়ের তালিকায় যেমন ছিল চিরায়ত সাহিত্য, তেমনি ছিল সমসাময়িক লেখকদের কাজ। বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বই কেনেন তিনি।

বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রতিও তার আগ্রহ দেখা গেছে। তিনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার ও সাংবাদিক-গবেষক নূরুল কবিরের বই সংগ্রহ করেছেন। বাতিঘরে আসা অন্যান্য পাঠকরা প্রধানমন্ত্রীর কন্যাকে এভাবে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেকে তার সঙ্গে ছবিও তোলেন। সাধারণ জীবনযাত্রার এমন প্রতিচ্ছবি উপস্থিত পাঠকদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।