১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৫:৩২ অপরাহ্ন


ঢাকায় মাইকেল জ্যাকসন: স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৭:২৫:০৩
ঢাকায় মাইকেল জ্যাকসন: স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বায়োপিক


বিশ্বসংগীতের ধ্রুবতারা, কোটি হৃদয়ের স্পন্দন মাইকেল জ্যাকসন। ২০০৯ সালে তাঁর অকাল প্রয়াণের দেড় দশক পরও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন শ্রোতা এখনও তাঁর জাদুকরী কণ্ঠে বুঁদ হয়ে থাকেন। মৃত্যুর আগপর্যন্ত যেমন তাঁকে নিয়ে কৌতুহলের শেষ ছিল না, মৃত্যুর পরও তাঁর জীবনের অজানা গল্পগুলো জানার আগ্রহ ভক্তদের মাঝে প্রবল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপসম্রাটের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’। আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

অ্যান্টনি ফুকোর পরিচালনায় মাইকেলের ভূমিকায় জাফার জ্যাকসন

বিখ্যাত পরিচালক অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলার প্রকাশের পর থেকেই জাফারের লুক এবং পারফরম্যান্স ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

মঞ্চের বাইরের মাইকেল: অজানা গল্পের খোঁজে

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের কেবল সংগীতজীবন নয়, বরং মঞ্চের পেছনের মানুষ মাইকেলকেও কাছ থেকে দেখার সুযোগ পাবেন দর্শকরা। জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে কীভাবে তিনি হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী, সেই সোনালি মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও এই বায়োপিকে স্থান পেয়েছে।

চরিত্রায়নে চমক: বেরি গর্ডি থেকে ডায়ানা রস

মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়ালংকে। বোন লাটোয়া জ্যাকসনের ভূমিকায় আছেন জেসিকা সুলা। এছাড়াও সংগীতজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং কিংবদন্তি ডায়ানা রসের চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের কারিগরদের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে।

রেকর্ড গড়া টিজার ও ট্রেলার

গত বছরের নভেম্বরে ‘মাইকেল’-এর টিজার মুক্তির পর তা ভিউয়ের রেকর্ড গড়ে। মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ পায় টিজারটি, যা অন্য কোনো মিউজিক্যাল বায়োপিকের ক্ষেত্রে নজিরবিহীন। গত ফেব্রুয়ারিতে ট্রেলার মুক্তির পরও তা ঝড় তোলে, মাত্র এক দিনেই ছাড়িয়ে যায় পাঁচ মিলিয়নের বেশি ভিউ। বিশ্লেষকদের মতে, মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে সিনেমাটি।

বাংলাদেশেও উন্মাদনা তুঙ্গে

বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বইয়ের দশক থেকে শুরু করে এই সময়েও পপসংগীত শ্রোতাদের কাছে সম্রাট হয়ে আছেন মাইকেল। তাঁর বায়োপিক দেখার আগ্রহ সবারই আছে। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অগ্রিম টিকেটের খোঁজ নিচ্ছেন। সিনেমাটি সবার মন জয় করবে বলে আমরা আশাবাদী।”