১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫৬:০০ অপরাহ্ন


সংসদ চাইলে পুরনো সার ডিলারদের বাদ দিয়ে নতুন নিয়োগ : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৯:৪৯:৪৪
সংসদ চাইলে পুরনো সার ডিলারদের বাদ দিয়ে নতুন নিয়োগ : প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সার ডিলারদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিষয়ে একমত হয়েছে সরকারি ও বিরোধীদল। বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অধিবেশনের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম অভিযোগ করেন যে, আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। তাঁর এই বক্তব্যে সংসদের প্রায় সব সদস্য টেবিল চাপড়িয়ে সমর্থন জানালে প্রধানমন্ত্রী বলেন, "যেহেতু পুরো সংসদ এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে, তাই জনস্বার্থে সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।"

পরবর্তীতে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এক জরুরি নোটিশের মাধ্যমে জানান, অনেক ডিলার বর্তমানে পলাতক থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ স্পষ্ট জানিয়ে দেন, যারা সার সরবরাহ প্রক্রিয়ায় বাধা দেবে বা অনিয়ম করবে, তাদের ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষিখাতকে দুর্নীতিমুক্ত রাখতে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে অধিবেশনে জানানো হয়।