১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:১৪:১০ অপরাহ্ন


গোঁফের জাদুতেই ভাইরাল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৮:২৯:৪৯
গোঁফের জাদুতেই ভাইরাল ছবি: সংগৃহীত


তুরস্কের রাজনীতির ময়দানে নতুন মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন ওরহান আভজি। তবে তার রাজনৈতিক আদর্শ বা কর্মসূচির চেয়েও নেটিজেনদের বেশি চমকে দিয়েছে তার অস্বাভাবিক ও বিশাল এক গোঁফ। সম্প্রতি তুরস্কের বিংগোল প্রদেশের কারলিওভা জেলায় ‘হুজুর পার্টি’র চেয়ারম্যান হিসেবে ওরহান আভজিকে নিযুক্ত করা হয়েছে। এই ঘোষণা দিতে গিয়ে দলের পক্ষ থেকে তার এবং প্রাদেশিক চেয়ারম্যান সাইত মোচুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপরই সেই ছবি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া সেই ছবিতে ওরহান আভজির গোঁফ এতটাই ঘন এবং বড় দেখাচ্ছে যে, সেটি তার মুখের অর্ধেকেরও বেশি অংশ ঢেকে ফেলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ছবিতে তার ঠোঁট বা চিবুক খুঁজে পাওয়াই দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষ তার চেহারার চেয়ে এই বিশালাকার গোঁফের দিকেই বেশি আকৃষ্ট হচ্ছেন।

যদিও ওরহান আভজি ‘নতুন কথা, নতুন কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে তুরস্ক ও কুর্দি অঞ্চলের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন, কিন্তু ডিজিটাল দুনিয়ায় তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে তার গোঁফ। তাকে নিয়ে নেটদুনিয়ায় বইছে হাস্যরসের জোয়ার। নেটিজেনরা তাকে মজার সব উপাধিতে ভূষিত করছেন। কেউ তাকে ভিডিও গেমের শক্তিশালী চরিত্রের অনুকরণে ডাকছেন ‘তার্কিশ ফাইনাল বস’ নামে।

রসিকতার তালিকায় আরও যুক্ত হয়েছে বিচিত্র সব মন্তব্য। কেউ উপহাস করে বলছেন যে করোনাকাল শেষ হলেও তিনি সম্ভবত এখনো মুখে মাস্ক পরে আছেন। আবার কেউ ব্যঙ্গ করে বলছেন, তার মুখমণ্ডল কোনো স্পর্শকাতর ফাইলের মতো কড়াভাবে সেন্সর করা। রাজনৈতিক মঞ্চে তার কণ্ঠস্বর কতটুকু পৌঁছাবে তা সময় বলবে, তবে আপাতত ওরহান আভজির এই ‘বিস্ময়কর’ গোঁফ তাকে রাতারাতি আন্তর্জাতিক ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।