১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৫:৫৮ অপরাহ্ন


পরীক্ষার আগে কলেজে বোমা ফেলার আহ্বান, শিক্ষার্থী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৬:৫৪:৫৭
পরীক্ষার আগে কলেজে বোমা ফেলার আহ্বান, শিক্ষার্থী গ্রেপ্তার ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজ বিশ্ববিদ্যালয়ে ‘বোমা ফেলার’ আহ্বান জানিয়ে রসিকতা করার দায়ে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ২০ বছর বয়সী গ্যাব্রিয়েলা সালদানা নামের ওই শিক্ষার্থী ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ছাত্রী। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের কাছ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওশেন ব্যাংক কনভোকেশন সেন্টারের একটি আসন্ন অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের একটি গ্রুপ চ্যাটে আলোচনা চলছিল, যেখানে প্রায় ২১৫ জন সদস্য যুক্ত ছিলেন। সেখানে গ্যাব্রিয়েলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন, “@নেতানিয়াহু, আপনি কি দয়া করে এফআইইউ-এর ওপর বোমা ফেলবেন? আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষা এবং আমি মোটেও প্রস্তুত নই।” এর পরপরই তিনি দ্বিতীয় একটি বার্তায় উল্লেখ করেন যে, কনভোকেশন সেন্টারে বোমা রাখা থাকবে এবং এর জন্য জোনাথন নামের এক ব্যক্তি দায়ী থাকবেন।

গ্রুপ চ্যাটের এই বার্তাগুলো দেখে কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়লে তারা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে বন্ড কোর্টে হাজির করে। গ্রেপ্তারের পর ওই ছাত্রী দাবি করেন, এটি ছিল নিতান্তই একটি ‘রসিকতা’ এবং পরীক্ষার চাপের কারণে তিনি এমন মন্তব্য করেছিলেন। তবে ফ্লোরিডার কঠোর আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার যেকোনো ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।

আদালতে শুনানির সময় বিচারক মিন্ডি গ্লেজার বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে অভিহিত করেন। তিনি গ্যাব্রিয়েলার উদ্দেশে বলেন, ব্যক্তিগতভাবে এটি তার কাছে কৌতুক মনে হতে পারে, কিন্তু আইনত এবং একজন সাধারণ মানুষের দৃষ্টিতে এটি একটি সুনির্দিষ্ট হুমকি। যদিও বিচারক এটিও উল্লেখ করেন যে বিচারিক প্রক্রিয়ায় এটি শেষ পর্যন্ত অপরাধ হিসেবে প্রমাণিত হবে কি না তা সময়সাপেক্ষ, তবে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারের যথেষ্ট কারণ রয়েছে। বর্তমানে ৫ হাজার ডলার মুচলেকার বিনিময়ে গ্যাব্রিয়েলার জামিন নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।