১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৫৬ অপরাহ্ন


দুই দিনে ৫৫ লাখ ভিউ, দর্শক চাহিদার তুঙ্গে 'জখম'
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ১৭:১৪:১৪
দুই দিনে ৫৫ লাখ ভিউ, দর্শক চাহিদার তুঙ্গে 'জখম' ছবি: সংগৃহীত


ধর্ষণের বিরুদ্ধে এক সাহসী প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত নাটক ‘জখম’ ইউটিউবে মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এই নাটকটি মাত্র দুই দিনেই ৫৫ লাখের বেশি ভিউ অতিক্রম করে ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক শান্ত ও অন্তর্মুখী মেয়ে রাইসাকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন তটিনী। অন্যদিকে, একটি সম্ভ্রান্ত ও প্রাণখোলা যৌথ পরিবারের ছেলে পার্থের চরিত্রে দেখা গেছে তৌসিফকে। ভিন্ন জগতের এই দুই মানুষের ভালোবাসার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সমাজের এক অন্ধকার অধ্যায়। ধর্ষণের শিকার হওয়ার পর এক নারীর ঘুরে দাঁড়ানো এবং এর প্রতিশোধ নেওয়ার বাস্তবধর্মী চিত্রনাট্য দর্শকদের আবেগতাড়িত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা নাটকটির ভূয়সী প্রশংসা করছেন। কেউ একে ‘সমাজের মুখোশ উন্মোচনকারী শক্তিশালী কাজ’ হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ বলছেন ‘হাজারো ধর্ষিতা নারীর করুণ বাস্তবতার সফল প্রতিফলন’। বিশেষ করে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

পরিচালক ইমরাউল রাফাত জানান, ‘জখম’ মূলত প্রতিবাদের গল্প। সমাজে ধর্ষণের শিকার নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিতেই এই নির্মাণ। মুক্তির প্রথম দিনেই ৪০ লাখ ভিউ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দর্শক যে কাজটির মূল বার্তা গ্রহণ করেছে, এটিই তার বড় প্রমাণ।

নাটকটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী এবং সাবিহা জামানসহ আরও অনেকে। সুস্থ ধারার ও সচেতনতামূলক গল্পের এই নাটকটি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রে রয়েছে।