পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উন্নয়নের চেয়েও বাঙালির চিরচেনা 'মাছে-ভাতে' ঐতিহ্য এখন প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূল ও বিজেপির প্রচারণার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাঙালির খাদ্যাভ্যাস।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের প্রার্থীরা দাবি করছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ হবে এবং আমিষভোজীদের 'বাংলাদেশি' তকমা দেওয়া হবে। ভোটারদের সতর্ক করতে অরূপ বিশ্বাসের মতো প্রার্থীরা মাছ নিয়ে মিছিলেও নেমেছেন।
পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতারা এই অভিযোগকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন। তারা দাবি করছেন, তৃণমূলের শাসনামলে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে পিছিয়ে পড়েছে এবং ভিন রাজ্য থেকে মাছ আমদানি করতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে শারদ্বত মুখোপাধ্যায়ের মতো প্রার্থীরাও হাতে মাছ নিয়ে বাড়ি বাড়ি ভোট চাইছেন। সব মিলিয়ে, রাজনৈতিক বিতর্কে এখন উত্তাল বাঙালির পাতের মাছ।