১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৫৮:১৭ পূর্বাহ্ন


সশস্ত্র বাহিনীকে আধুনিক ও স্বনির্ভর করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৫:১২:১২
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও স্বনির্ভর করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতীফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রথাগত অস্ত্র নয়, বরং সাইবার স্পেস, ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো হচ্ছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিমানবাহিনীতে ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান এবং নৌবাহিনীতে অত্যাধুনিক নৌযান ও সাবমেরিন সংযোজন করে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ২০২৬ সালের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে পেশাদার ও প্রযুক্তিভিত্তিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া বাহিনীর সদস্যদের কল্যাণে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ নীতিসহ অবসরোত্তর মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ তার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করবে বলেও প্রধানমন্ত্রী সভায় আশ্বস্ত করেন।