শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি বা দেশের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের পক্ষে না থাকলেও বৈশ্বিক বাস্তবতার কারণে ডিজিটাল শিক্ষার পথে এগোতে হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) সিলেটে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে বর্তমানে স্কুলে অনলাইন-অফলাইন মিলিয়ে পাঠদান করতে হচ্ছে। এ নিয়ে সমালোচনা থাকলেও বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে এটি জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, প্রায় ৮০০ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন কেউ অনলাইন ক্লাস চায় না। এমনকি তিনিও ব্যক্তিগতভাবে এর বিপক্ষে, কিন্তু বর্তমান সময়ের প্রয়োজনে এই পথ বেছে নিতে হচ্ছে।
একই সভায় শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, কোচিং সেন্টারগুলোকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও সরকারের প্রক্রিয়াধীন রয়েছে।