১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪২:০১ অপরাহ্ন


দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:০৫:৫৭
দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির ছবি: সংগৃহীত


কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশের সড়ক অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দাউদকান্দিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুচিকিৎসা ও আরোগ্য কামনা করেন।

দেশের বর্তমান সড়ক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বারবার এমন প্রাণহানি প্রমাণ করে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও বিশৃঙ্খলা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, মহাসড়কে নিরাপত্তার অভাব এবং চালকদের প্রশিক্ষণের ঘাটতি প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

বিরোধীদলীয় নেতা অবিলম্বে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়াতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।