১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৩৭ অপরাহ্ন


৮০ হাজার টন জ্বালানি নিয়ে রাতে চট্টগ্রামে আসছে দুই জাহাজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৬:৫১:৪১
৮০ হাজার টন জ্বালানি নিয়ে রাতে চট্টগ্রামে আসছে দুই জাহাজ ছবি: সংগৃহীত


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল ও ৬৮ হাজার টন ডিজেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে জেটিতে ভিড়েছে। এছাড়া আজ রাত ১১টায় আরও দুটি জাহাজে করে প্রায় ৬৮ হাজার টন ডিজেল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন এই জেট ফুয়েলের চালান যুক্ত হওয়ায় বিমানে ব্যবহৃত জ্বালানির মজুত আরও শক্তিশালী হলো। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫৮ টন জেট ফুয়েল বিক্রি হচ্ছে। অন্যদিকে, দেশে জ্বালানি তেলের সিংহভাগ চাহিদাই ডিজেলের (প্রায় ৬৩ শতাংশ)। নতুন আসা ৩৩ হাজার টনের ‘এমটি টর্ম দামিনি’ এবং ৩৫ হাজার টনের ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজ দুটি যুক্ত হলে ডিজেলের সরবরাহে স্বস্তি ফিরবে।

বিপিসির তথ্যমতে, ১২ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল প্রায় ১০ দিনের। নতুন চালানে এই মজুত আরও ৪-৫ দিন বাড়বে। চলতি এপ্রিল মাসে প্রায় ৪ লাখ টন ডিজেলের চাহিদা মেটাতে মাসজুড়ে আরও বেশ কিছু চালানের পরিকল্পনা রয়েছে সরকারের। বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান জানিয়েছেন, নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চলছে, তাই এ মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।