দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে 'প্যাস্কিটেরিয়ান' হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বর্তমানে তাঁর মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন এসেছে। এখন মাছ বা ডিম খেতে গেলেও তাঁর মনে হয় তিনি কোনো প্রাণীকে হত্যা করছেন। এমনকি মুরগির মাংস খেতে গেলে তাঁর মনে হয় তিনি রাস্তার অবলা প্রাণীদের খাবার খেয়ে ফেলছেন।
খাদ্যাভ্যাস নিয়ে সোজাসাপ্টা জয়া জানান, ডায়েটের জন্য তিনি বিদেশি খাবারে বিশ্বাসী নন, বরং নিজের আত্মাকে তৃপ্ত করতে দেশি খাবারই তাঁর পছন্দ। শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না পেলে তাঁর মেজাজ বিগড়ে যায়, যেটিকে তিনি রসিকতা করে শুটিংয়ের 'জাতীয় খাবার' হিসেবে অভিহিত করেন। এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তাঁর জন্য বাধ্যতামূলক। ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি তাঁর বিশেষ ঝোঁক রয়েছে। অনেকে মজা করে তাঁকে নিয়ে নানা কথা বললেও জয়া মনে করেন, সুস্থ থাকার জন্য পরিমিত খাবার ও মানসিক প্রশান্তি দুই-ই জরুরি। তবে ব্যক্তিগতভাবে প্রাণীজ প্রোটিন এড়িয়ে চললেও স্বাস্থ্য সচেতনতার খাতিরে তিনি সবাইকে, বিশেষ করে মেয়েদের পর্যাপ্ত প্রোটিন গ্রহণের পরামর্শ দেন।