১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৯:১১ অপরাহ্ন


২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৭:১৮:০৯
২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত


আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে গাবতলী উপজেলার বাগবাড়ীসহ পুরো জেলায় উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি চলছে। রবিবার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করবেন এবং সেখানে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড বিতরণ এবং পৈতৃক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজের উদ্বোধন। এছাড়া তিনি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালও পরিদর্শন করবেন।

সফরের প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানান, স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে সফরের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হচ্ছে।

এদিকে প্রিয় নেতা ও ‘বগুড়ার সন্তান’কে প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ গ্রামে পেতে উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা—এই সফরের মাধ্যমে বাগবাড়ীর রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হবে। পাশাপাশি বাগবাড়ীকে উপজেলায় রূপান্তর ও স্থানীয় কর্মসংস্থানের দাবিও তুলেছেন গ্রামবাসী। বিশেষ করে সরকারি উদ্যোগে খাল খননের ঘোষণায় সাধারণ কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে অবহেলিত বাগবাড়ী একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।