পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর সংক্রান্ত তার আলোচিত পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া ওই পোস্টে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধি দল আজ রাতেই ইসলামাবাদ পৌঁছাবে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পোস্টটি সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিবিসির তথ্যমতে, ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাষ্ট্রদূত মোগাদ্দাম আগে জানিয়েছিলেন যে, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ‘১০ দফা দাবির’ ভিত্তিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পোস্টটি হঠাৎ মুছে ফেলায় এই স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা নিয়ে নতুন করে রহস্য ও সংশয়ের সৃষ্টি হয়েছে।