১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:২২ অপরাহ্ন


সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটির ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৯:২৩:০২
সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটির ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: চিফ হুইপ ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি ও নজিরবিহীন অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে সংসদ অধিবেশন শুরু করতে বিলম্ব হচ্ছে এবং সংসদ কক্ষের ভেতরেও শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে না, যা চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

চিফ হুইপ সরাসরি অভিযোগ করেন যে, এই প্রকল্পে বড় ধরনের দুর্নীতি ও টেন্ডার জালিয়াতি হয়েছে। প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকার এই প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের দক্ষতা বিবেচনা করা হয়নি। এমনকি দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম করে প্রথমে বাদ পড়া একটি প্রতিষ্ঠানকে পরবর্তী সময়ে কাজ দেওয়া হয়েছে। যন্ত্রপাতির মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন; উদাহরণ হিসেবে জানান, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে ২৫৮ গ্রামের নিম্নমানের মাইক্রোফোন।

বর্তমান পরিস্থিতিতে পুরো সিস্টেমটি বাতিল করলে সংসদের কার্যক্রম স্থবির হয়ে পড়বে বলে এখনই কোনো বড় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে চিফ হুইপ স্পষ্ট করে দিয়েছেন যে, চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। দরপত্র জালিয়াতি ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে জোড়াতালি দিয়ে অধিবেশন চললেও দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নূরুল ইসলাম মনি।