১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৩৪ অপরাহ্ন


বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ: ‘এটি ক্রীড়াঙ্গনে নগ্ন হস্তক্ষেপ’
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৯:১৮:১১
বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ: ‘এটি ক্রীড়াঙ্গনে নগ্ন হস্তক্ষেপ’


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ‘অ্যাড-হক কমিটি’ গঠন করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করার পর বুধবার এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিষয়ে এক বিবৃতিতে দলীয় অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাড-হক কমিটি গঠন করার ঘটনা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ এবং আইনের শাসনের সরাসরি পরিপন্থী। একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচিত কোনো কমিটি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, এই ধরনের পদক্ষেপ কেবল দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করে। তিনি ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার দাবি জানিয়ে বলেন, ক্রীড়া প্রশাসনে এ ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে বর্তমান অ্যাড-হক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে, ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কঠোর তাগিদ দেন তিনি। জামায়াতের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে যেন বিসিবিসহ অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা হয়।