১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৩২ অপরাহ্ন


বিসিবির অ্যাডহক কমিটিকে 'বাপের দোয়া' ক্রিকেট বোর্ড আখ্যা হাসনাত আব্দুল্লাহর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৬:৫৩:৫২
বিসিবির অ্যাডহক কমিটিকে 'বাপের দোয়া' ক্রিকেট বোর্ড আখ্যা হাসনাত আব্দুল্লাহর ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন চত্বরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বিসিবির বর্তমান অবস্থাকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে তীব্র কটাক্ষ করেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর পেশাদার কোনো ক্রিকেট বোর্ড হিসেবে অবশিষ্ট নেই। নবগঠিত অ্যাডহক কমিটির গঠনপ্রক্রিয়া ও সেখানে সদস্য নির্বাচনের ধরণকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে নির্দিষ্ট গোষ্ঠীর আজ্ঞাবহ করে তোলা হয়েছে, যার ফলে এটি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’-এ পরিণত হয়েছে।

হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যের প্রেক্ষিতে অধিবেশনে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, বর্তমান পরিস্থিতির দায়ভার আগের অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর অবৈধভাবে সরকারি ক্ষমতা প্রয়োগ করেছিলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, হাইকোর্টে একটি রিট পিটিশন পেন্ডিং থাকা সত্ত্বেও আসিফ মাহমুদ আইনের তোয়াক্কা না করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডে ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। মূলত সেই সময়ের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণেই বিসিবিতে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিসিবিতে আমূল পরিবর্তনের পর সংসদ ভবন এলাকায় এমন পাল্টাপাল্টি বক্তব্যে দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।