১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:১২ অপরাহ্ন


শিক্ষায় বরাদ্দ বাড়ছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৩:৪০:০৭
শিক্ষায় বরাদ্দ বাড়ছে: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি বিশেষ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরেই ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে সব উপজেলায় মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষায় ডিজিটাল বৈষম্য কমাতে সরকার দেড় হাজার প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদানের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আরও জানান, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে স্মার্ট ক্লাসরুম ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে আইসিটি বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও পাইথন প্রোগ্রামিংয়ের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।