১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫৮:৫১ অপরাহ্ন


প্রেমিকাকে এএসপি পরিচয় দেওয়া রাজমিস্ত্রি পুলিশের কার্ড বানাতে গিয়ে ধরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১৯:৩৮:৩০
প্রেমিকাকে এএসপি পরিচয় দেওয়া রাজমিস্ত্রি পুলিশের কার্ড বানাতে গিয়ে ধরা ছবি: সংগৃহীত


প্রেমিকার কাছে নিজের গড়া ‘মিথ্যা সাম্রাজ্য’ টিকিয়ে রাখতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের খাঁচায় ধরা পড়লেন মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবক। পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয়ে প্রেম করলেও, ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) দুপুরে রংপুরে পুলিশের হাতেই আটক হতে হয়েছে তাকে।

ঘটনার বিস্তারিত জানাজানি হয় মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকানে। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে মোস্তাফিজুর পেশায় একজন রাজমিস্ত্রি। তবে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে তিনি নিজেকে পুলিশের এএসপি হিসেবে এক তরুণীর কাছে উপস্থাপন করেন। প্রেমের সম্পর্ক চলাকালীন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে তৈরি নিজের কিছু ভুয়া পুলিশি ছবি প্রেমিকাকে পাঠিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন তিনি। তবে বিপত্তি বাঁধে তখন, যখন প্রেমিকা তার আসল পরিচয়পত্র বা আইডি কার্ড দেখার আবদার করেন।

প্রেমিকার সন্দেহ দূর করতে মোস্তাফিজুর দিনাজপুর থেকে রংপুর ছুটে আসেন। গত সোমবার থেকে নগরীর মুন হোটেলে অবস্থান করে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব আরটি প্রেসের একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দিয়ে একটি পুলিশি আইডি কার্ড তৈরির অর্ডার দেন। কার্ডটি তৈরি হওয়ার পর মোস্তাফিজুরের চালচলন ও কথাবার্তায় দোকানদার ও স্থানীয়দের সন্দেহ হয়। তৎক্ষণাৎ তারা তাকে আটকে রেখে কোতোয়ালি থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর অকপটে স্বীকার করেন, শুধুমাত্র প্রেমিকার কাছে নিজের ভুয়া পরিচয় টিকিয়ে রাখতেই তিনি এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। এদিকে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানিয়েছেন, মোস্তাফিজুরের পরিবারের দাবি অনুযায়ী তিনি গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে সরকারি পরিচয় জালিয়াতির মতো গুরুতর অপরাধে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।