১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৫৯:৪০ পূর্বাহ্ন


সেই প্রযোজনা সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে কর্মবিরতি তুলল শিল্পীরা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১৮:৫৭:৫৫
সেই প্রযোজনা সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে কর্মবিরতি তুলল শিল্পীরা ছবি: সংগৃহীত


টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যময় মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের বাংলা চলচ্চিত্র জগত। গেল ২৯ মার্চ দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং চলাকালীন পানিতে ডুবে তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার ও সঠিক তদন্তের দাবিতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলেন স্টুডিওপাড়ার সকল শিল্পী সংগঠন। তবে দিনভর ম্যারাথন বৈঠক শেষে সেই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব যৌথভাবে টলিপাড়ার বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্তের কথা জানান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট করে বলেন, “আগামীকাল থেকে স্টুডিওপাড়ায় কোনো কর্মবিরতি থাকছে না, সিনেমা ও ধারাবাহিকের কাজ স্বাভাবিক নিয়মেই চলবে। তবে একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে না আসা পর্যন্ত ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে টলিউডের কোনো শিল্পী কাজ করবেন না।” তিনি আরও যোগ করেন, রাহুল আজ পুরো ইন্ডাস্ট্রিকে এক পরিবার হিসেবে একত্রিত করে দিয়ে গেছেন এবং এই তদন্ত প্রক্রিয়ায় রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার সম্মতি থাকা আবশ্যক।

এদিকে সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিতে অঘোষিতভাবে ‘ব্যান’ বা নিষিদ্ধ হয়ে থাকা শিল্পীদের নিয়েও বড় ঘোষণা দেন অভিনেতা ও সাংসদ দেব। রাহুলের অকাল প্রয়াণের শোকাতুর আবহে তিনি বলেন, যারা কাজ হারিয়ে নিষিদ্ধ হয়ে আছেন, তাদের মানসিক অবস্থাও রাহুলের পরিণতির মতোই করুণ। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই সমস্ত ব্রাত্য শিল্পীদের কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি সমন্বয়ের দায়িত্ব নিয়েছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বা দা)।

রাহুলের মৃত্যুর ঘটনায় অবহেলা ছিল কি না কিংবা শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না—সেই সত্য উদঘাটন না হওয়া পর্যন্ত টলিপাড়ার শিল্পীরা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন রাখার যে কঠোর অবস্থান নিয়েছেন, তা বাংলা সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন সংহতির উদাহরণ।