১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৫:২৯ অপরাহ্ন


দর্শকের রুচিবোধ ও টালিউডের সংকটে অবসরের ঘোষণা অপর্ণা সেনের
বিনোদন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১৮:২৬:২২
দর্শকের রুচিবোধ ও টালিউডের সংকটে অবসরের ঘোষণা অপর্ণা সেনের অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন


টালিউডের বর্তমান প্রেক্ষাপট ও দর্শকদের টেলিভিশনমুখী প্রবণতায় তীব্র হতাশা প্রকাশ করে চলচ্চিত্র জগত থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সিনেমা নির্মাণের প্রতি দীর্ঘদিনের আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি।

কেন এই কঠিন সিদ্ধান্ত? বাংলা সিনেমার বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে অপর্ণা সেন বলেন, “সিনেমা আমি কার জন্য বানাব? আমার দর্শক কোথায়? এখনকার দর্শকরা টেলিভিশনের মেগা সিরিয়ালে এতটাই মজে আছেন যে, তাদের রুচিবোধ নষ্ট হয়ে যাচ্ছে। বড় পর্দার জন্য মানসম্মত সিনেমা নির্মাণের কোনো সার্থকতা আমি আর খুঁজে পাচ্ছি না।”

তিনি আরও যোগ করেন, “টেলিভিশন হয়তো কর্মসংস্থান তৈরি করছে, কিন্তু একে কোনোভাবেই বিশ্বের সেরা শিল্প বলা যায় না। এই মৃতপ্রায় শিল্পকে নিয়ে বর্তমান পরিস্থিতিতে কাজ করা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে।”

ষাট দশকের সেই নক্ষত্র যখন ক্লান্ত সত্যজিৎ রায় ও মৃণাল সেনের মতো দিকপালদের হাত ধরে ষাটের দশকে চলচ্চিত্রে আসা অপর্ণা সেন দীর্ঘ ছয় দশক ধরে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনার যাত্রা শুরু করে প্রথম ছবিতেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার নির্মিত ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ এবং ‘দ্য জাপানিজ ওয়াইফ’-এর মতো কাজগুলো আন্তর্জাতিক স্তরেও অনন্য নজির স্থাপন করেছে।

টালিউডের ক্রমবর্ধমান সংকট অপর্ণা সেনের এই ঘোষণা টালিউড ইন্ডাস্ট্রিতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। এর আগে অভিনেতা পরমব্রত চ্যাটার্জিসহ কলকাতার আরও বেশ কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী টালিগঞ্জের সিনেমার বর্তমান সংকট এবং প্রেক্ষাগৃহ বিমুখ দর্শকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে অপর্ণা সেনের মতো একজন গুণী নির্মাতার এই অবসরের ঘোষণা বাংলা সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।