১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:১৫ অপরাহ্ন


বাঁশ-দড়ি বেয়ে মসজিদে যাওয়া মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৬:১৬:৫৯
বাঁশ-দড়ি বেয়ে মসজিদে যাওয়া মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই ছবি: সংগৃহীত


বাঁশ ও দড়ি বেয়ে মসজিদে গিয়ে আজান দেওয়া নাটোরের সেই আলোচিত বৃদ্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ১১৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকালে জানাজা শেষে বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামে তাকে দাফন করা হয়।

দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও গত ১৫ বছর ধরে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ২০০ মিটার পথ দড়ি ও বাঁশ ধরে যাতায়াত করতেন তিনি। ২০০৫ সালে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর পর ২০১১ সালে নিজ জমিতে মসজিদ নির্মাণ করেন এবং আমৃত্যু সেখানে অবৈতনিক মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে দুই স্ত্রী ও ১৯ সন্তানসহ বিশাল পরিবারের এই অভিভাবক ২০১১ সালে হজ পালন করেন। তার এই অদম্য ধর্মপ্রাণতা ও মনোবল স্থানীয়দের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহাসহ স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।