১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৬:১৪ অপরাহ্ন


শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানা গেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৬:৪৮:১৭
শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানা গেল ছবি: সংগৃহীত


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছিল, তা বাতিল করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন উৎসবগুলোতে শিক্ষক-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা পাবেন।

শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট বরাদ্দের সীমাবদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে অর্থ মন্ত্রণালয়।

উল্লেখ্য, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। সম্প্রতি শিক্ষক সংগঠনগুলোর দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় এই ভাতা আরও ১০ শতাংশ বাড়িয়ে মোট ৬০ শতাংশ করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। প্রস্তাবটি গৃহীত হলে শিক্ষকদের আর্থিক সুবিধা কিছুটা বৃদ্ধি পেত। তবে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে উৎসব ভাতার পরিমাণে আপাতত কোনো পরিবর্তন আসছে না। ভাতার হার আগের মতোই অপরিবর্তিত থাকছে।