১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪১:৩৩ অপরাহ্ন


বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা ও কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:৩৯:৩৮
বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা ও কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে একগুচ্ছ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয় যে, এবারের নববর্ষের প্রতিপাদ্য হবে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করবে। তবে নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসের সব অনুষ্ঠান শেষ করতে হবে এবং ওই সময়ের পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না।

উৎসবের দিন ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা, ব্যাগ বহন করা এবং ভুভুজিলা বাঁশি বাজানো বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে চারুকলার তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে স্টিকারবিহীন গাড়ি এবং ১৪ এপ্রিল সব ধরনের ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছবির হাট ও বাংলা একাডেমির গেট ব্যবহার করা গেলেও রাজু ভাস্কর্যের পেছনের গেটটি বন্ধ থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে টিএসসিতে হেল্প ডেস্ক ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং কার্জন হল ও টিএসসি এলাকায় মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরা ও আর্চওয়ের মাধ্যমে কঠোর নজরদারিতে থাকবে।