আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জানানো হবে এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন নির্ধারিত মূল্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিইআরসি জানায়, আগামীকাল বিকেল ৩টায় কারওয়ান বাজারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে এলপিজির এই নতুন দাম ঘোষণা করা হবে।
মূলত আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) বা চুক্তি মূল্যের ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখেই বিইআরসি বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করে থাকে।
উল্লেখ্য যে, এর আগে গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে সে সময় অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করেছিল কমিশন। কালকের ঘোষণার মাধ্যমে জানা যাবে এপ্রিল মাসে রান্নার গ্যাস ও যানবাহনে ব্যবহৃত জ্বালানির দাম কমবে নাকি বাড়বে।