১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৫৫ অপরাহ্ন


মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১২:৪১:৪২
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত


বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে এটা জানা গেছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে যে, ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় ‘লেগাসি অফ ফেইথ’ শীর্ষক একটি সিরিজ বক্তৃতায় অংশ নিতে আজহারি অস্ট্রেলিয়া সফর করছিলেন। তবে সফর চলাকালীন সময়েই মঙ্গলবার তার ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ কোটিরও বেশি অনুসারী থাকা এই বক্তার বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদিদের বিরুদ্ধে চরম ঘৃণা ছড়ানোর অভিযোগ ওঠার পরেই দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ নেয়।

সিনেটর জোনাথন ডুনিয়াম অস্ট্রেলিয়ার সংসদে এই বিষয়টি নিশ্চিত করে জানান যে, আজহারির আগমনের আগে থেকেই ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’-সহ বিভিন্ন সংগঠন সংসদ সদস্যদের সতর্ক করে আসছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আজহারি তার পূর্বের বিভিন্ন বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন এবং ইহুদিদের অমানবিক হিসেবে চিত্রায়িত করে তাদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন। এমনকি ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

আজহারির বিরুদ্ধে এমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও উগ্র বক্তব্যের অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং নিজ দেশ বাংলাদেশেও তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বিধিনিষেধ আরোপ করা হয়। অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যারা ঘৃণা ছড়ায় এবং অন্য জাতি বা ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের জন্য অস্ট্রেলিয়ায় কোনো স্থান নেই। এই ভিসা বাতিলের ফলে আজহারির পূর্বনির্ধারিত সব সফর ও আলোচনা সভা পণ্ড হয়ে গেছে এবং বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।