১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২২:৩৫ অপরাহ্ন


স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৫:১৫:১৭
স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


রাজধানীর চিরচেনা যানজট নিরসনে বিশেষ করে স্কুল চলাকালীন সৃষ্ট জটলা কমাতে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে জানান, রাজধানীর স্কুলগুলোতে যাতায়াতের সময় তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী এই সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত একটি কার্যকর প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর অনেক স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে, যা যানজটকে ভয়াবহ রূপ দেয়। এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প পরিবহন ব্যবস্থা বা অন্য কোনো উদ্ভাবনী সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সবশেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মূলত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতেই সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে।