১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১১:৪৯ অপরাহ্ন


রাহুলের মৃত্যুতে পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৪:২১:২৭
রাহুলের মৃত্যুতে পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি ছবি: সংগৃহীত


ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রেখেই ঝুঁকিপূর্ণ পরিবেশে শুটিং চালানো হচ্ছিল।

তদন্তে উঠে এসেছে একাধিক অসঙ্গতি। ওড়িশা পুলিশের দাবি অনুযায়ী, সেখানে শুটিংয়ের কোনো বৈধ অনুমতি ছিল না। এছাড়া দুর্ঘটনার সময় নিয়ে পরিচালক ও প্রযোজনা সংস্থার বয়ানবদল এবং চিত্রনাট্যে জলের দৃশ্য না থাকা সত্ত্বেও কীভাবে অভিনেতা গভীর জলে তলিয়ে গেলেন—তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই ঘটনায় ক্ষুব্ধ সিনে সংগঠনটি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে কালো তালিকাভুক্ত করা এবং নিহতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, খরচ কমাতে গিয়ে প্রায়শই শিল্পী ও কলাকুশলীদের জীবনের ঝুঁকি নেওয়া হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে টলিউডসহ সর্বভারতীয় চলচ্চিত্র মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। বর্তমানে পুলিশ ঘটনার নেপথ্যে থাকা অবহেলা ও আইনি জটিলতা খতিয়ে দেখছে।