১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১৪:২৭ পূর্বাহ্ন


ভারত থেকে আসছে সাত হাজার টন ডিজেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:৪০:৩৬
ভারত থেকে আসছে সাত হাজার টন ডিজেল ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সমুদ্রপথে জ্বালানি তেলের জাহাজ আসা অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প হিসেবে পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানি জোরদার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল শনিবার সন্ধ্যা থেকে ইন্দো-বাংলা মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে, যা আগামী দুদিনের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

বিপিসি সূত্রে জানা গেছে, চলতি মাসে ১৭টি জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধের প্রভাবে মাত্র ৯টি এসে পৌঁছেছে। এই ঘাটতি মেটাতে পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। চলতি মাসেই পাইপলাইনে প্রায় ১৫ হাজার টন ডিজেল দেশে এসেছে। বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, বিকল্প উৎস সচল থাকায় বর্তমানে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার ৬৩ শতাংশই ডিজেল। আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয় বাড়লেও পাইপলাইনে তেল আনা তুলনামূলক সাশ্রয়ী ও স্থিতিশীল। তবে কৃষি মৌসুমে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের মজুত সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতের সাথে চুক্তি অনুযায়ী বছরে ১ লাখ ২০ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমদানির সুযোগ রয়েছে।