১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৯:১৯ অপরাহ্ন


আবারও ছয় দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:১৮:৪২
আবারও ছয় দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ছবি: সংগৃহীত


রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার ও অর্থ আত্মসাৎ মামলায় সাবেক সংসদ সদস্য এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে নতুন করে ৭ দিনের আবেদন জানিয়েছিল।

গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার এজাহার অনুযায়ী, একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন আলতাব খান নামে এক ব্যবসায়ী। এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাবেক এই আলোচিত সেনা কর্মকর্তা ২০০৭ সালের এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা এই বিশাল অংকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন।