১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৫:১৮ অপরাহ্ন


তেল কিনতে এখন থেকে লাগবে 'ফুয়েল কার্ড'
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:২৭:১৮
তেল কিনতে এখন থেকে লাগবে 'ফুয়েল কার্ড' ছবি: সংগৃহীত


চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং পাচার ও কালোবাজারি রোধে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ এপ্রিল থেকে জেলার ২২টি পাম্পে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ থেকে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে এই কার্ড সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ডের মাধ্যমে তেল বিক্রি চললেও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে; অর্থাৎ কৃষকরা আগের মতোই ২৪ ঘণ্টা তেল কিনতে পারবেন।

সভায় পুলিশ সুপার রুহুল কবীর খান সাফ জানিয়ে দেন, ৩০ মার্চ থেকে লাইসেন্স ও হেলমেটবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। পাশাপাশি সীমান্ত দিয়ে তেল পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি জোরদার করেছে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান। পাম্প মালিকদের সতর্ক করে বলা হয়েছে, কোনো কর্মচারী অনিয়মে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট মালিককেই নিতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।