১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০৭:২৩ পূর্বাহ্ন


গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দিয়ে ৫ ঘণ্টা কাদায় আটকা ছিনতাইকারী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৭:৫৪:৩৮
গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দিয়ে ৫ ঘণ্টা কাদায় আটকা ছিনতাইকারী ছবি: সংগৃহীত


চট্টগ্রামে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে এক অভিনব ও নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন মো. রুবেল নামের এক চিহ্নিত ছিনতাইকারী। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের তাড়া খেয়ে একটি ডোবায় লাফ দেন তিনি। কিন্তু কাদার গভীরে কোমর পর্যন্ত আটকে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা সেখানে আটকা পড়ে থাকেন। গ্রেপ্তার এড়াতে এসময় তিনি নিজের স্ত্রীর সরবরাহ করা রামদা দিয়ে পুলিশকে ভয় দেখান এবং আত্মহত্যার হুমকিও দিতে থাকেন।

পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ অন্তত আটটি মামলা রয়েছে। একটি মাদক মামলার পরোয়ানা নিয়ে পুলিশ অভিযানে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে ডোবায় পড়ে আটকে যান। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও রামদা হাতে থাকায় তাকে উদ্ধারে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘক্ষণ বুঝিয়ে তাকে কাদা থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন নিশ্চিত করেছেন যে, বর্তমানে তাকে থানায় নেওয়া হয়েছে।