১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২০ অপরাহ্ন


যশোরের ভবদহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৫:২৮:২৪
যশোরের ভবদহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ছবি: সংগৃহীত


যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুরুলি এলাকায় এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার দীর্ঘ এই খালটি আগামী জুন মাসের মধ্যে পুনঃখনন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি একসময় দেশে কৃষি বিপ্লব এনেছিল। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে আবারও এই কর্মসূচি শুরু করেছে। তিনি আরও জানান, ভবদহ অঞ্চলের স্থায়ী সমাধানের জন্য বর্তমানে ৮১.৫০ কিলোমিটার নদ-নদী এবং ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। এছাড়া বর্ষা মৌসুমের আগেই ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, বুরুলি খালটি খনন করা হলে কেশবপুর উপজেলার পাথরা, পাঁজিয়া ও কৃষ্ণনগরসহ পার্শ্ববর্তী বিলের পানি সহজে আপারভদ্রা নদীতে নিষ্কাশিত হতে পারবে। এতে করে ওই এলাকার কৃষকরা দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এবং পুনরায় ফসল উৎপাদনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।