১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৮ অপরাহ্ন


৪ দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছালেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৫:০৪:৩৪
৪ দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছালেন রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত


চার দিনের এক সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে পৌঁছালে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির আহ্বায়কসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির এটিই প্রথম পাবনা সফর, যা কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গিয়ে পৌঁছালে তাকে সেখানে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। এরপর তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার সকালে তিনি সদর উপজেলার আরিফপুর গোরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং ওইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের তৃতীয় দিন সোমবার সকালে রাষ্ট্রপতি ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং রাতে পাবনা শহরে অবস্থিত তার নিজ বাসভবনে সময় কাটাবেন। সফরের শেষ দিন মঙ্গলবার সকালে পুনরায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।