১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০১:২৭ অপরাহ্ন


মালয়েশিয়ায় শুরু হলো শাকিব খানের‘রকস্টার’ এর শুটিং
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৪:১৯:২৭
মালয়েশিয়ায় শুরু হলো শাকিব খানের‘রকস্টার’ এর শুটিং ছবি: সংগৃহীত


ঈদুল ফিতরের আমেজে দেশজুড়ে প্রেক্ষাগৃহে যখন শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময়েই নতুন মিশনের উদ্দেশে উড়াল দিয়েছেন এই মেগাস্টার। দর্শকদের উৎসবের আমেজ উপহার দিয়ে শাকিব খান নিজে ব্যস্ত হয়ে পড়েছেন তার পরবর্তী প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ছবিটির কাজ দ্রুত শেষ করতে এক দিন আগেই তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে মালয়েশিয়ার মনোরম সব লোকেশনে ‘রকস্টার’ ছবির আনুষ্ঠানিক চিত্রধারণ শুরু হয়েছে। জানা গেছে, আগামী ২৮ অথবা ২৯ মার্চ পর্যন্ত সেখানে টানা শুটিং চলবে। মালয়েশিয়া পর্ব শেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহেই শাকিব খান দেশে ফিরবেন এবং শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের লুকে যেমন বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, তেমনি এর গল্প ও নির্মাণশৈলীতেও দর্শক নতুনত্বের স্বাদ পাবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন আয়মান আসিব স্বাধীন। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। সব মিলিয়ে ‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।