কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন থেকে সব রেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি রেল আসার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে গেট পড়ে যাওয়ার ‘অটোমেটিক সিস্টেম’ চালু করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
শনিবার রাতের এই দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও দুই গেটম্যানের অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী ঘোষণা করেন, নিহতদের প্রত্যেক পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লক্ষ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, রেলের অনুমোদনহীন ক্রসিংগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়েতে রেল ক্রসিং অনিরাপদ হওয়ায় স্থানীয় যানবাহনের জন্য আন্ডারপাস নির্মাণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।